খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩

লিবিয়ায় জিম্মি ছেলেকে উদ্ধারে ৪২ লাখ টাকা দাবি, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লিবিয়ায় জিম্মি ছেলেকে উদ্ধারে ৪২ লাখ টাকা দাবি, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ। কিন্তু টাকা নিয়েও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি অপহরণকারীরা। পরে আবারও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর টাকা দেবেন না বলে জানিয়ে দেন অসহায় বাবা। এরপর থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ।

জিম্মি ওই যুবকের নাম মো. সাইফুল (৩৯)। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। এরপর থেকে তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পায়নি পরিবার।

এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে। শুক্রবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় বিদেশে গিয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুলকে আটকে রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলেও জানায় অপহরণকারীরা।

সন্তানের জীবন বাঁচাতে টাকা জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে পাঁচ লাখ টাকা পাঠান স্বজনরা। তাদের আশা ছিল, অন্তত কিছু টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। কিন্তু টাকা নেওয়ার পরও পরিবারের সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি।

এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজেই লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে আনবেন। এ আশ্বাসে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদকে ফোন করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে ৪২ লাখ টাকা দাবি করা হয়। ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাদের কাছ থেকেই বাবার মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।

একবার পাঁচ লাখ টাকা দিয়েও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানান আব্দুস সামাদ। ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।

ছেলের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন আব্দুস সামাদ। গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন তিনি। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি শাখা।

তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি সাইফুলকে উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন সাইফুল। কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এখনো ছেলের জীবিত ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বৃদ্ধ বাবা আব্দুস সামাদ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তুহিন'কে হ*ত্যা*র হু*ম*কি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তুহিন'কে হ*ত্যা*র হু*ম*কি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন

ছবিতে সাংবাদিক তুহিন দেওয়ান

ভোলা জেলা সংবাদদাতা | যোগফল অনলাইন 

ভোলার তজুমদ্দিনে গবাদিপশু চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ তুহিন দেওয়ানকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ভোলা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন সাংবাদিক তুহিন দেওয়ান।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন চরাঞ্চলে দীর্ঘদিন ধরে গবাদিপশু চুরির ঘটনা ঘটে আসছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার ২ নম্বর সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু কালাম হোসেনের ছেলে মো. বাবুর বিরুদ্ধে গবাদিপশু চুরির অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে যান গণমাধ্যমকর্মীরা।

এ সময় অভিযুক্তের বাড়িতে একটি লাল রঙের চোরাই গরু দেখতে পাওয়ার দাবি করেন তারা। সংবাদ সংগ্রহের সময় অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

তুহিন দেওয়ানের অভিযোগ, এ বিষয়ে তজুমদ্দিন থানাকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো কার্যকর আইনগত ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও আবেদনে দাবি করেছেন।

এ ছাড়া থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

আবেদনে প্রধান অভিযুক্ত মো. বাবু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, মামলা গ্রহণ এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক তুহিন দেওয়ান।

এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ*গু*ন কা*ন্ডে ২ হাজার ২২৪ জনকে আ*সা*মি করে মা*ম*লা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ*গু*ন কা*ন্ডে ২ হাজার ২২৪ জনকে আ*সা*মি করে মা*ম*লা

ছবিতে টুঙ্গিপাড়া থানা গেট

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়  ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আজ শুক্রবার (১৩ অক্টোবর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫শ' থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মামলা দায়ের তথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। 

ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের  সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ অফিসার ফোর্সদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে। 

গোপালগঞ্জ পুলিশ লাইন্স হতে আগত অফিসার ও ফোর্সদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে।  লাঠি সোঠা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে। 

তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরন ও ভাঙচুর অব্যাহত রাখে।  গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। ওই  গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। 

হামলাকারীরা আইন অমান্য করে মারমুখী হয়ে সরকারী সম্পত্তি ও পুলিশকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন ও সরকারী গাড়িতে আগুন দেয়। তাদেরকে নিবৃত্ত করার জন্য  লাঠিচার্জ করা হয়।  ছত্রভঙ্গ করার চেষ্টার পরেও তারা  ছত্রভঙ্গ না হয়ে তাদের মারমুখি আক্রমণ অব্যাহত রাখে। 

সরকারী সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড  রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর সেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাকা নিক্ষেপের পরপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 এরপর ড্রাইভার কনস্টেবল আলামিন সহ আহত পুলিশ সদস্যগনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

আসামীরা পারস্পরিক যোগসাজসে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে। তারা সরকারি কাজে বাধা প্রদান সহ সরকারী কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। 

সরকারি সম্পত্তির ক্ষতি সাধন ও বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখে। সেই সাথে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চেষ্টা করে ।  

মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাজাবাড়ীতে সজিবের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট, আরিফ হোসাইনের বিরুদ্ধে থানায় জিডি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজাবাড়ীতে সজিবের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট, আরিফ হোসাইনের বিরুদ্ধে থানায় জিডি

ছবিতে জিডি কপি

শ্রীপুর সংবাদদাতা | গাজীপুর 

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী এলাকায় মোঃ সজিব (৩০) নামে এক ব্যক্তির ছবি সম্পাদনা করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে আরিফ হোসাইন নামে এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সজিব।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে নিজের ‘Sajib Ahmed’ নামের ফেসবুক আইডিতে প্রবেশ করে বিষয়টি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন সজিব।

জিডির বিবরণে তিনি অভিযোগ করেন, ‘Arif Hossain’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি অপরিচিত এক নারীর ছবির সঙ্গে সম্পাদনা করে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা লিখে পোস্ট করা হয়েছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়া ভবিষ্যতে ওই ফেসবুক আইডি থেকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে আরও আপত্তিকর পোস্ট বা মন্তব্য করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সজিব।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।